nopCommerce IIS Setup: Complete Guide for Windows


যারা Windows মেশিনে কাজ করেন—হোক সেটা নিজের ল্যাপটপ, ডেস্কটপ বা কোনো Windows Server—তাদের কাছে IIS মানেই এক ধরনের ডেভেলপার-ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, যেখানে ইচ্ছে করলেই কোনো .NET অ্যাপ ডিপ্লয় করে দেখা যায়, আবার চাইলে পুরো প্রোডাকশন এনভায়রনমেন্টের সিমুলেশন করেও শেখা যায়। আর nopCommerce যেহেতু এন্টারপ্রাইজ-গ্রেড ASP.NET Core ভিত্তিক প্ল্যাটফর্ম, তাই IIS-এ এটা রান করানোই সবচেয়ে স্ট্যান্ডার্ড এবং প্রফেশনাল ওয়ে।

অনেকেই ভাবে, IIS-এ nopCommerce সেটআপ করা নাকি খুব জটিল একটি বিষয়, কিন্তু বাস্তবে পুরো কাজটাই খুব সোজা, শুধু সঠিক সিকোয়েন্স মেনে করতে হবে। আর সেটাই আজকের গাইডের উদ্দেশ্য—আপনি SQA হোন, ডেভেলপার হোন, বা নিজের প্র্যাকটিস এনভায়রনমেন্ট তৈরি করতে চান—এই একটাই আর্টিকেল আপনাকে পুরো সেটআপটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার করে দেবে।

localhost -এ nopCommerce দুইভাবে রান করতে পারবেন।

1. সোর্স কোড সহ (Visual Studio থেকে সরাসরি রান)

এই অপশনটা মূলত ডেভেলপারদের জন্য হলেও, বাস্তবে SQA কাজের সময়েও অনেক ক্ষেত্রেই কাজে লাগে। বিশেষ করে যখন দ্রুত কোনো ফিচার যাচাই করতে হয়, ফ্লো বুঝতে হয়, বা নির্দিষ্ট কোনো বাগ ডিবাগ করার দরকার পড়ে।

এই মেথডে IIS, সার্ভার কনফিগারেশন বা পারমিশন সেটআপ নিয়ে আলাদা ঝামেলায় যেতে হয় না। Visual Studio ওপেন করলেই সাধারণ ASP.NET Core প্রজেক্টের মতো করে nopCommerce রান করা যায়।

ধাপে ধাপে প্রসেসটা এমন:

  1. অফিসিয়াল nopCommerce ওয়েবসাইট থেকে nopCommerce Source Code প্যাকেজ ডাউনলোড করতে হবে।

  2. ZIP ফাইলটি লোকাল মেশিনে যেকোনো একটি ফোল্ডারে Extract করতে হবে।

  3. Extract করা ফোল্ডারের ভেতরে থাকা NopCommerce.sln ফাইলটি Visual Studio দিয়ে ওপেন করতে হবে।

  4. সংশ্লিষ্ট nopCommerce ভার্সনের জন্য প্রয়োজনীয় .NET SDK ইনস্টল করা আছে কিনা আগে নিশ্চিত করা জরুরি।

  5. Visual Studio তে নিচের কাজগুলো করতে হবে:

    • Web প্রজেক্টটিকে Startup Project হিসেবে সেট করতে হবে

    • Run প্রোফাইল হিসেবে Kestrel অথবা IIS Express সিলেক্ট করতে হবে

  6. এরপর Run (F5) অথবা Start Without Debugging (Ctrl + F5) চাপলেই প্রজেক্ট রান শুরু হবে।

  7. সবকিছু ঠিক থাকলে ব্রাউজারে স্বয়ংক্রিয়ভাবে nopCommerce এর Installation Wizard ওপেন হবে।

  8. ডাটাবেজ তথ্য দিয়ে ইনস্টলেশন সম্পন্ন করতে হবে।

ইনস্টলেশন শেষ হলে nopCommerce সরাসরি সোর্স কোড থেকেই রান করবে, অতিরিক্ত কোনো কনফিগারেশনের প্রয়োজন হবে না।

একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখা দরকার—
এই মেথডটি সবচেয়ে উপযোগী যখন:

  • ডেভেলপমেন্ট করা হয়

  • বাগ ডিবাগ করা হয়

  • দ্রুত কোনো ফিচার বা ফ্লো যাচাই করা হয়

তবে প্রোডাকশন-লাইক টেস্টিং, পারফরম্যান্স টেস্টিং, কিংবা অটোমেশন টেস্টিং এর ক্ষেত্রে এই সেটআপ যথেষ্ট নয়। সেই পরিস্থিতিতে অবশ্যই IIS-এ হোস্ট করা nopCommerce এনভায়রনমেন্ট বেশি কার্যকর হয়।

যাইহোক, সোর্স কোড বোঝা এবং দ্রুত কাজ এগিয়ে নেওয়ার জন্য এই অপশনটা সত্যিই বেশ কার্যকর।

2. সোর্স কোড ছাড়া (IIS Server দিয়ে কনফিগার করা)

এই পদ্ধতিটাই nopCommerce রান করার স্ট্যান্ডার্ড ও প্রোডাকশন-লাইক পদ্ধতি। এখানে সোর্স কোড নিয়ে কাজ না করে সরাসরি IIS Server দিয়ে অ্যাপ্লিকেশন কনফিগার করা হয়।

এই মেথডটি শুধু ডেভেলপারদের জন্য নয়—SQA, টেস্টার, অটোমেশন ইঞ্জিনিয়ার, এবং যারা নিজের প্র্যাকটিস এনভায়রনমেন্ট বানাতে চান, সবার জন্যই কাজে আসে। কারণ এতে লাইভ সার্ভারের মতো বিহেভিয়রের একটি এনভায়রনমেন্ট পাওয়া যায়।

এই আর্টিকেলে মূল ফোকাস থাকবে Without Source Code মেথডের উপর, কারণ এটি টেস্টিং, অটোমেশন এবং প্রোডাকশন-লেভেল প্র্যাকটিসের জন্য সবচেয়ে উপযোগী।


পর্ব ১: কাজ শুরুর আগে যা যা প্রস্তুত রাখা জরুরি

nopCommerce 4.70 বা এর লেটেস্ট ভার্সন রান করানোর জন্য আপনার সিস্টেমে কয়েকটি বেসিক জিনিস সেটআপ থাকতেই হবে। কাজের সুবিধার্থে এগুলো আগে থেকেই রেডি রাখাই ভালো।

Microsoft SQL Server ও SQL Server Management Studio (SSMS) সেটাপ করতে সমস্যা হলে এই ভিডিওটি দেখতে পারেন।

সবকিছু ঠিকঠাক থাকলে পরের স্টেপগুলো একদম স্মুথ হয়ে যাবে। পরের স্টেপগুলোর জন্য নিচের ভিডিও দুটি দেখে রাখতে পারেন।

১. ডেটাবেজ ও ফাইল/ফোল্ডার ব্যাসিক

২. IIS ও nopCommerce ব্যাসিক


পর্ব ২: Windows-এ IIS ফিচার চালু করা (পিসিতে আগেই অন না থাকতে পারে)

Windows-এর বেশিরভাগ সংস্করণে IIS ডিফল্টভাবে বন্ধ অবস্থায় থাকে। তাই প্রথম কাজ হলো এটিকে একটিভ করে নেওয়া।

১. Start Menu-তে লিখুন: Turn Windows features on or off
২. ওপেন হলে লিস্ট থেকে Internet Information Services (IIS) খুঁজে বের করুন।
৩. চেকবক্স টিক দিন এবং নিচের ফোল্ডারগুলো Expand করুন।
৪. World Wide Web Services → Application Development Features
৫. এখান থেকে অবশ্যই একটিভ করুন:

  • .NET Extensibility 3.5, 4.8
  • ASP.NET 3.5, 4.8
  • ISAPI Extensions
  • ISAPI Filters
  • WebSocket Protocol

OK চাপলেই IIS আপনার সিস্টেমে পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে।

যদি রিস্টার্ট চায়, দিয়ে দিন।


পর্ব ৩: .NET Hosting Bundle ইনস্টল — IIS যেন nopCommerce চিনতে পারে

nopCommerce ASP.NET Core অ্যাপ—মানে এটা IIS-এর Managed Pipeline ব্যবহার করে না। তাই Hosting Bundle ইনস্টল করা বাধ্যতামূলক।

১. Microsoft-এর অফিশিয়াল সাইট থেকে .NET Hosting Bundle ডাউনলোড করুন।
২. ইনস্টল শেষ হলে Command Prompt খুলে লিখুন:

iisreset

IIS পুরোপুরি নতুনভাবে রিলোড হবে।

এই জায়গাটা মিস করলে পরে 500 সিরিজের এরর পেতে থাকবেন—তাই Hosting Bundle ইনস্টলেশন নিশ্চিত হতে হবে।


পর্ব ৪: nopCommerce-এর জন্য ডাটাবেস তৈরি করা

SQL Server রেডি থাকলে কাজটা খুবই সোজা। না করলেও চলবে। কারণ, nopCommerce সেটাপের সময় অপশন থাকে ডেটাবেজ ক্রিয়েটের। তবে তখন Raw connection string ব্যবহার করা যাবেনা।
সহজ, তবে যদি পুরনো ডেটাবেজ নিয়ে কাজ করতে হয়, তাহলে শিখে রাখা ভাল। ডেটাবেজের ব্যাকাপ রিস্টোর করার পদ্ধতিও শিখে রাখা উচিত।

১. SSMS ওপেন করুন।
২. Databases → New Database
৩. একটি নাম দিন, যেমন: nop_app_db
৪. OK দিন।

nopCommerce ইনস্টলেশনের সময়ই টেবিলগুলো নিজে থেকেই তৈরি করে নেবে, আপনাকে কোনোরকম ম্যানুয়াল SQL রান করতে হবেনা।


পর্ব ৫: nopCommerce ফোল্ডার প্রস্তুত করা

স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হলো IIS রুট ফোল্ডারে সাইট রাখা—অর্থাৎ:

পাথ:

C:\inetpub\wwwroot\nopcommerce

১. nopCommerce এর Web Release ZIP ফাইলটি আনজিপ করুন।
২. সব ফাইল ওই নতুন ফোল্ডারে কপি করুন।

এখন IIS-এ সাইটটি দেখিয়ে দিলেই হবে।


পর্ব ৬: IIS কনফিগারেশন — Application Pool এবং Website সেটআপ

এখন আসল সেটআপ।

ধাপ ৬.১ — Application Pool তৈরি করা

IIS Manager ওপেন করুন → Application Pools → Add Application Pool

  • Name: nopPool
  • .NET CLR Version: No Managed Code (এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ASP.NET Core নিজেই রানটাইম হ্যান্ডেল করে)
  • Managed pipeline: Integrated

OK দিন।

ধাপ ৬.২ — Website Add করা

IIS Manager → Sites → Add Website

  • Site name: nopCommerce
  • App Pool: nopPool সিলেক্ট করুন
  • Physical path:
C:\inetpub\wwwroot\nopcommerce
  • Port: 80 অথবা 8080 (যা ফ্রি থাকে)

OK দিন।

এখন আপনার nopCommerce সাইট IIS-এ বাউন্ড হয়ে গেছে।


পর্ব ৭: Folder Permission — সবচেয়ে ক্রিটিক্যাল স্টেপ

এখানেই ৯০% ইউজাররা আটকে যান। nopCommerce ফাইল রাইট করতে না পারলে ইনস্টলেশনই এগোয় না।

আপনার ইনস্টলেশন ফোল্ডারে যান → রাইট ক্লিক → Properties → Security

১. Edit → Add
২. সিলেক্ট করুন:

IIS AppPool\nopPool

(যদি নাম ভিন্ন হয়, আপনার App Pool এর নাম দিন)
অথবা সহজভাবে:

IIS_IUSRS

৩. Modify এবং Write পারমিশন Allow করুন।
৪. Apply → OK

এখন nopCommerce ফোল্ডারের উপর পুরো রাইট থাকবে। ইনস্টলেশন ১০০% নিশ্চিতভাবে কাজ করবে।


পর্ব ৮: ইনস্টলেশন উইজার্ড শুরু করা

ব্রাউজারে লিখুন:

http://localhost

অথবা

http://localhost:8080

অথবা IIS থেকে Sites এ গিয়ে আপনার সাইটে ক্লিক করে ডানপাশের প্যানেল থেকে Browse এ ক্লিক করুন।
তাহলে nopCommerce Installation Wizard ওপেন হবে। পরেও প্রত্যেকবার একইভাবে সাইট ওপেন করতে হবে।

Database Configuration:

ডেটাবেজ আগের ক্রিয়েট করা থাকলে Raw connection string ব্যবহার করলে ভালো:

Data Source=YOUR_SERVER_NAME;Initial Catalog=nop_app_db;Integrated Security=True;TrustServerCertificate=True; যদি আগে ডেটাবেজ ক্রিয়েট করা না থাকে, তাহলে Server Name, Database Name আর SQL Username, দিয়ে Create database if it doesn't exist সিলেক্ট করলেই হবে।

Install বাটনে ক্লিক করলে nopCommerce টেবিল তৈরি শুরু করবে। এক-দুই মিনিট সময় নিতে পারে।

শেষ হলে আপনি সরাসরি Frontend হোমপেজে পৌঁছে যাবেন।

রেফারেন্স হিসবে এই ভিডিওটি দেখতে পারেন। যদিও পুরনো ভার্সন, তবে সব ভার্সনে  প্রায় একই।


HTTP Error 500.19

.NET Hosting Bundle অনুপস্থিত, অথবা web.config অ্যাক্সেস করতে পারছে না।
→ Hosting Bundle রিইনস্টল করুন
→ Folder Permission চেক করুন।

HTTP Error 500.30

Application start হতে পারছে না।
→ AppPool “No Managed Code” করা হয়নি।
→ Event Viewer-এ বিস্তারিত দেখা যাবে।

Access Denied / Access to path is denied

→ Folder Permission সঠিকভাবে দেওয়া হয়নি।


nopCommerce IIS-এ সেটআপ করা শুধু “একটি সাইট রান করানো” নয়—বরং এটাকে বলা যায় একটি কমপ্লিট প্রোডাকশন-লেভেল এনভায়রনমেন্ট রেডি করা, যেখানে আপনি পারফরম্যান্স টেস্ট করতে পারবেন, লোড সিমুলেট করতে পারবেন, কাস্টম প্লাগইন টেস্ট করতে পারবেন, এমনকি প্রোডাকশন-গ্রেড ডিপ্লয়মেন্টও প্রাকটিস করতে পারবেন।

যদি আপনি SQA হন, এটি আপনার কাজের জন্য একটি বড় সুবিধা—কারণ এখানে আপনি লাইভ সার্ভারের মতো পরিবেশে সবকিছু টেস্ট করতে পারবেন। নেটওয়ার্ক/স্লো লোডিং এর ঝামেলা ছাড়াই অটোমেশন স্ক্রিপ্ট রেডি করতে পারবেন। আর যদি আপনি ডেভেলপার হন, তাহলে IIS-এ nopCommerce চালানো আপনার স্কিলসেটকে আরও প্রফেশনাল করে তুলবে।

কোনো ধাপে সমস্যা হলে, ইনস্টলেশন লজিকটাই রিভিউ করুন—nopCommerce ইন্সটলেশন সহজ, কিন্তু IIS-এর প্রয়োজনীয় নিয়ম ঠিক মতো না মানলে সমস্যা হবেই। ধাপে ধাপে এগোলে সহজেই কাজ হয়ে যাবে।

জেনে রাখা ভালো, বর্তমানে nopCommerce এর কিন্তু বিভিন্ন দেশে 93 টি Solution partners রয়েছে। যাদের মধ্যে Gold লেভেলে 23 টি, Silver লেভেলে 48 টি, এবং Bronze লেভেলে 22 টি কোম্পানি রয়েছে।

তবে এদের মধ্যে টপে আছে nopStation যা Brain Station 23 Ltd. এর Specialized Digital Wing. বিদেশী ক্লায়েন্টদের পাশাপাশি nopStation দেশি ক্লায়েন্টদের মধ্যে Shwapno, Othoba, PriyoShop, Apex Footwear, Vitacare, NRB Bazaar, Perfume World, Sailor এর মতো ক্লায়েন্টদের সাপোর্ট দিয়ে থাকে।

Top 3 nopCommerce Solution partners


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank's for visiting me!

X